জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (জেইউএসসি) উদ্যোগে বিভিন্ন স্কুল এবং কলেজ পর্যায়ের দেড় শতাধিক প্রতিষ্ঠানের ১৭০০ শিক্ষার্থী অংশগ্রহণের মধ্যে দিয়ে ১০ম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড'২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে দেড় ঘণ্টা ধরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন জাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।
সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় উদ্বো0ধনী অনুষ্ঠানে অধ্যাপক সোহেল আহমেদ বলেন, যুবকদের উদ্যমী করতে প্রয়োজন সায়েন্স ক্লাবের মতো গণিত অলিম্পিয়াড আয়োজন, কবিতা আবৃত্তি কিংবা গানের আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বলেন, গণিত অলিম্পিয়াড জাবি সায়েন্স ক্লাবের একটি আইকনিক ইভেন্টে পরিণত হয়েছে। সারা দেশে বিজ্ঞানপ্রিয় জাতি গঠন ও গণিত ভীতি দূর করতে জাবি সায়েন্স ক্লাবের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷
সায়েন্স ক্লাবের সভাপতি তারেক মাহমুদ বলেন, দেশের ক্রান্তিকালীন অবস্থার জন্য গণিত অলিম্পিয়াড ও সায়েন্স ফেস্টিভ্যাল যথা সময়ে আয়োজন করতে পারিনি। তাই আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ক্লাবের সকল সুধী জনের সহযোগিতায় জাবি সায়েন্স ক্লাব এগিয়ে যাবে বহুদূর এই প্রত্যাশা করছি।
এ সময় আরও বক্তব্য রাখেন জাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক শফি মোহাম্মদ তারেক, অধ্যাপক কবিরুল বাশার, ক্লাবের সাবেক সভাপতি শাহরিয়ার কবির সোহাগ, শরিফুল ইসলাম, জাকিরুল ইসলাম, সায়েন্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সনেট, মো. আরিফুল ইসলাম আরিফ, শাকিল হোসাইন প্রমুখ।







